ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় চমক তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ে। সর্বশেষ ফলাফলে তার নিজ আসন ভবানীপুরে তিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০ রাউন্ড গণনা শেষে শুভেন্দু অধিকারী প্রায় ১৫ হাজার ১১৪ ভোটের ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। এতে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এনডিটিভির তথ্য অনুযায়ীও একই ফলাফল পাওয়া গেছে, যেখানে শুভেন্দু অধিকারী উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন বলে জানানো হয়। এই ফলাফলকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।
এর আগে ২০২১ সালের নির্বাচনে নন্দিগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ভবানীপুরে উপনির্বাচনে জয় পেয়ে বিধানসভার সদস্য হয়ে মুখ্যমন্ত্রী পদে টিকে ছিলেন তিনি। তবে এবারের নির্বাচনে তার দল তৃণমূল কংগ্রেসও বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এতে রাজ্যে দীর্ঘদিনের ক্ষমতার ভারসাম্যে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।