Ridge Bangla

দুবাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বিতর্কিত ব্যবসায়ী রন হক সিকদার

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দেশের আলোচিত ও বিতর্কিত ব্যবসায়ী রন হক সিকদার। সোমবার (৪ মে) স্থানীয় সময় দুপুরে একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্র জানিয়েছে, প্রায় এক সপ্তাহ আগে লিভারজনিত জটিলতা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।

রন হক সিকদার বাংলাদেশের ব্যবসায়ী অঙ্গনে বহুল পরিচিত হলেও বিভিন্ন অপরাধমূলক অভিযোগ ও মামলার কারণে দীর্ঘদিন ধরে বিতর্কের কেন্দ্রে ছিলেন। তার বিরুদ্ধে দেশে একাধিক গুরুতর মামলা বিচারাধীন ছিল। বিশেষ করে ২০২০ সালের ১৯ মে এক্সিম ব্যাংকের দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তার নাম ব্যাপকভাবে আলোচনায় আসে।

অভিযোগ অনুযায়ী, ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যার চেষ্টা করা হয়, যার সঙ্গে রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়। ঘটনার পর থেকেই তারা দেশত্যাগ করে পলাতক অবস্থায় ছিলেন।

এছাড়াও ন্যাশনাল ব্যাংক লিমিটেড সংশ্লিষ্ট নানা আর্থিক অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলাসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র মতে, গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘ সময় ধরে থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে অবস্থান করছিলেন।

রন হক সিকদার দেশের প্রভাবশালী শিল্পগোষ্ঠী সিকদার গ্রুপের শীর্ষ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে ২০২৪ সালে রন হক শিকদার ও তার ভাই রিক হক শিকদারসহ ১৩ জনের বিরুদ্ধে দায়ের করা দুই মামলায় পৃথক চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

This post was viewed: 12

আরো পড়ুন