বিদেশি চিকিৎসকদের ওপর আরোপিত ভ্রমণ ও কর্মসংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সংস্থা (ইউএসসিআইএস) সম্প্রতি তাদের ওয়েবসাইট হালনাগাদ করে জানায়, নিষেধাজ্ঞার আওতায় থাকা ৩৯টি দেশের চিকিৎসকদের ভিসা ও কাজের আবেদন আর স্থগিত রাখা হবে না।
এর আগে এই নিষেধাজ্ঞার কারণে সংশ্লিষ্ট দেশগুলোর চিকিৎসকদের ভিসা, ওয়ার্ক পারমিট এবং গ্রিন কার্ডসহ বিভিন্ন অভিবাসন প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতে কর্মরত চিকিৎসকদের একটি এক-চতুর্থাংশই বিদেশি নাগরিক।
এই নীতির ফলে দেশটির স্বাস্থ্যসেবায় চাপ তৈরি হয়। অনেক হাসপাতাল বিদেশি চিকিৎসকদের ছুটিতে পাঠাতে বাধ্য হয়, যা চিকিৎসা সেবায় ঘাটতির আশঙ্কা বাড়ায়। বিশেষ করে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ভেনেজুয়েলা থেকে আসা চিকিৎসকেরা এতে বেশি প্রভাবিত হন।
নিষেধাজ্ঞা চলাকালে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অনেক চিকিৎসকও বৈধতা-সংক্রান্ত জটিলতায় পড়েন। এমন পরিস্থিতিতে কয়েকটি মার্কিন চিকিৎসক সংগঠন সরকারের কাছে নীতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে চিঠি দেয় এবং বিষয়টিকে জাতীয় স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে তুলে ধরে।