Ridge Bangla

৫ আগস্ট ছাত্রজনতা দেশকে নতুনভাবে স্বাধীন করেছে: প্রধানমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন তারেক রহমান। শনিবার (২ মে) সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বহু সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত। তিনি শিশু-কিশোরদের উদ্দেশে বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। খেলাধুলার মাধ্যমে তোমরা বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরবে।” তিনি তাদের দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের আহ্বান জানান।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রসঙ্গে তিনি জানান, কয়েক বছর আগে এ কর্মসূচির ধারণা তৈরি হয় এবং তা বাস্তবায়নের মাধ্যমে নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার শিশু-কিশোরদের শিক্ষা ও ক্রীড়ায় সমানভাবে সহায়তা করবে বলেও তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্বাগত বক্তব্য রাখেন। পরে প্রধানমন্ত্রী অনলাইনে সারাদেশে একযোগে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনগণের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

This post was viewed: 11

আরো পড়ুন