নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়েবাড়িতে খাবার পরিবেশনে দেরি ও পর্যাপ্ত খাবার না থাকাকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১ মে) বিকেল ৪টার দিকে উপজেলার লস্করদী সরকার বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ে এবং একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহরমারুয়াদী গ্রামের হাছেন আলীর ছেলে আল আমিনের মধ্যে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ উপস্থিত হওয়ার পর অতিথির সংখ্যা বেশি হওয়ায় খাবারের সংকট দেখা দেয়।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বাড়লে তা সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ার, বাঁশ ও কাচের প্লেট দিয়ে একে অপরকে আঘাত করা হয়। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিয়ের অনুষ্ঠান বিশৃঙ্খল হয়ে যায়।