অসন্তোষের জেরে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের জৌনপুর জেলায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এক বরকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শুক্রবার (১ মে) সন্ধ্যা প্রায় ৭টার দিকে কেতাসারাই থানার অন্তর্গত বিবিপুর গ্রামের কাছাকাছি এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত বর আজাদ বিন্দ (২৭), তিনি স্থানীয় বাদাউর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, বরযাত্রীরা কনের বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথে হঠাৎই একদল হামলাকারী তাঁদের পথরোধ করে। অভিযোগ অনুযায়ী, কনের এক আত্মীয় প্রদীপ বিন্দ বিয়েটি নিয়ে অসন্তুষ্ট ছিলেন। তিনি সহযোগী রবি যাদবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে এসে বরযাত্রীদের লক্ষ্য করে গুলি চালান।
গুলিবিদ্ধ অবস্থায় আজাদ বিন্দকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
জেলার পুলিশ সুপার কুনওয়ার অনুপম সিং জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। জানা গেছে, হামলাটি পূর্বপরিকল্পিত ছিল। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।