আসন্ন বন্যার সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সিলেট বিভাগের হাওরাঞ্চলের ২০ হাজারেরও বেশি পরিবারকে আগাম নগদ সহায়তা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ঝুঁকিপূর্ণ পরিবারগুলো এই সহায়তা পেয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডব্লিউএফপি জানায়, ‘অ্যান্টিসিপেটরি অ্যাকশন’ কর্মসূচির আওতায় আবহাওয়া পূর্বাভাস বিশ্লেষণ করে সম্ভাব্য বন্যার ৪৮ ঘণ্টা আগেই এ সহায়তা দেওয়া হয়। প্রতিটি পরিবারকে সরাসরি ৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে, যাতে তারা খাদ্য মজুত, প্রয়োজনীয় প্রস্তুতি এবং নিরাপদ স্থানে সরে যাওয়ার ব্যবস্থা নিতে পারে।
সংস্থাটি আরও জানায়, সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা অতিরিক্ত প্রায় ৪ হাজার ৪০০ পরিবারকেও জরুরি সহায়তা দেওয়া হয়েছে। ডব্লিউএফপির নিজস্ব তহবিলের পাশাপাশি ইউরোপীয় কমিশনের মানবিক সহায়তা বিভাগ (ইসিএইচও) এ কার্যক্রমে অর্থায়ন করেছে। ডব্লিউএফপির ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সিমোন পার্চমেন্ট বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের ঝুঁকি বাড়ছে, তাই আগাম পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।