Ridge Bangla

আজ প্রধানমন্ত্রী সিলেট সফরে যাচ্ছেন

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ শনিবার (২ মে) সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরে তিনি ধর্মীয়, উন্নয়ন ও ক্রীড়াসংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সকাল ১০টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সফরের শুরুতেই হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন তিনি। এরপর সিলেট সার্কিট হাউজ সংলগ্ন চাঁদনী ঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুপুরে সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন।

বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করবেন তিনি। এই কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে নতুন উদ্যোগের সূচনা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া শিল্পকলা একাডেমিতে একটি সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফর শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে তার।

This post was viewed: 5

আরো পড়ুন