মহান মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
শুক্রবার (১ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, দেশের অর্থনীতিতে শ্রমিকদের অবদান অপরিসীম এবং তাদের কল্যাণ নিশ্চিত করাই টেকসই উন্নয়নের পূর্বশর্ত।
রাষ্ট্রপতি বলেন, শ্রমিক কল্যাণে অতীতে গৃহীত উদ্যোগগুলোর ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান সরকার নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি নারী শ্রমিকদের মর্যাদা, নিরাপত্তা ও সমান মজুরি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও জানান, শ্রম অধিকার সুরক্ষায় ‘শ্রম আইন-২০২৬’ প্রণয়ন করা হয়েছে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৯টি কনভেনশন ও একটি প্রোটোকল অনুস্বাক্ষর করেছে বাংলাদেশ। বন্ধ শিল্পকারখানা ও পাটকল পুনরায় চালুর মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান রাষ্ট্রপতি।