রাজধানীর হজ ক্যাম্পে এক হজযাত্রীর অর্থ চুরির ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা হলেন হাবিবুর রহমান ও মো. নাদিম।
গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর খিলক্ষেত ও গাজীপুরের টঙ্গী এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল সকালে হজ ক্যাম্পের জামে মসজিদের ভেতরে ইমান আলী নামের এক যাত্রীর ব্যাগ থেকে ২২ হাজার সৌদি রিয়াল চুরি হয়। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়।
সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসাইন সানীব জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে অভিযান চালানো হয়। প্রথমে হাবিবুর রহমানকে খিলক্ষেত থেকে, পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী থেকে নাদিমকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যানুযায়ী ১৭ হাজার ৫০০ রিয়াল ও ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
চুরির ঘটনার পর হজগামী ভুক্তভোগী ওই যাত্রীকে প্রাথমিকভাবে ৩ হাজার রিয়াল অর্থ সহায়তা দেওয়া হয়েছে বলে হজ ক্যাম্প সূত্রে জানা গেছে।