ঝড়ের গতিতে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার পেছনে আমেরিকার নৌ-অবরোধকে দায়ী করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সেই সঙ্গে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা এক ভবিষ্যৎবাণী নিয়ে বিদ্রূপ করতেও ছাড়েননি তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
গালিবাফের দাবি, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যে প্রতি ব্যারেল ১২০ ডলার অতিক্রম করেছে। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে এই দাম শিগগিরই ১৪০ ডলার স্পর্শ করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তিন দিনের মধ্যে ইরানের তেলকূপগুলো বিস্ফোরিত হতে শুরু করবে, যা দেশটিকে এক বিধ্বংসী সংকটের মুখে ফেলবে। ট্রাম্পের সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট করেন গালিবাফ।
সেখানে তিনি ব্যঙ্গাত্মক সুরে লেখেন, ট্রাম্পের ঘোষণা অনুযায়ী তিন দিন পার হয়ে গেছে, কিন্তু একটি তেলকূপও বিস্ফোরিত হয়নি। আমরা চাইলে এই সময়সীমা আরও ৩০ দিন বাড়িয়ে দিয়ে এখান থেকে লাইভ সম্প্রচার করতে পারি।