মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে আজ বিএনপির শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে লাখো শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির আশা করছে দলটি। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবারের মতো মে দিবসের শ্রমিক সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দীর্ঘদিন জাতীয় বেতন স্কেল ঘোষণা না হওয়া, আউটসোর্সিং নিয়োগ বৃদ্ধি, শ্রমবাজার সংকোচন এবং শিক্ষিত বেকারত্ব বৃদ্ধি শ্রমজীবী মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সমাবেশ থেকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, অবাধ ট্রেড ইউনিয়ন গঠন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবিও জানানো হবে বলে জানান নেতারা।