ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেশটির ওপর নৌ অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চাপ আরও বাড়ানোর কথাও জানিয়েছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “বোমা হামলার চেয়ে অবরোধ বেশি কার্যকর। তারা এখন চাপের মধ্যে আছে, পরিস্থিতি আরও কঠিন হবে।” তিনি দাবি করেন, ইরান কৌশলগত জলপথে অবরোধ শিথিলের জন্য একটি চুক্তির চেষ্টা করছে।
ট্রাম্প আরও বলেন, তার মূল লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তাঁর ভাষায়, মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি প্রায় বন্ধ হয়ে গেছে এবং দেশটির জ্বালানি খাত সংকটের মুখে পড়েছে।
সূত্র জানায়, যদি কূটনৈতিক অচলাবস্থা অব্যাহত থাকে, তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) স্বল্পমেয়াদি একটি শক্তিশালী বিমান অভিযান পরিচালনার পরিকল্পনা করেছে। তবে এখন পর্যন্ত নতুন কোনো সামরিক অভিযানের অনুমোদন দেওয়া হয়নি বলে নিশ্চিত করা হয়েছে।