Ridge Bangla

মাদারগঞ্জে টানা ৪ দিন বিদ্যুৎহীন ভোগান্তিতে ৩০ হাজার মানুষ

কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়ে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় টানা চার দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে অন্তত ১৫টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা।

গত শনিবার (২৫ এপ্রিল) গভীর রাতে ঝড়ের পর থেকে উপজেলার কড়ইচড়া, চরপাকেরদহ, বালিজুড়ী, জোড়খালী ও গুনারীতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চার দিন পার হলেও এখনো অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।

স্থানীয়রা জানান, বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন চার্জ দেওয়া, ইন্টারনেট ব্যবহার এবং দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফ্রিজে রাখা খাদ্যসামগ্রী নষ্ট হয়ে গেছে, পানির সংকটও দেখা দিয়েছে।

এসএসসি পরীক্ষার্থী রায়হান আহমেদ বলেন, “বিদ্যুৎ না থাকায় ঠিকমতো পড়াশোনা করতে পারছি না। অনেকেই মোমবাতি বা চার্জার লাইটের আলোয় পড়ছে।”

স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিচ্ছে না, ফলে ক্ষোভ বাড়ছে। তবে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দা ফারজানা ইয়াসমিন জানান, ঝড়ে গাছ পড়ে খুঁটি ও লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতের কাজ চলছে এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

This post was viewed: 14

আরো পড়ুন