Ridge Bangla

রেকর্ড গড়ে দেশে ফিরছে ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’

দীর্ঘ ৩০০ দিনেরও বেশি সময় ধরে সাগরে মোতায়েন থাকার পর অবশেষে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’। বিরতিহীন অভিযানের নতুন রেকর্ড গড়ে মধ্যপ্রাচ্য ত্যাগ করতে যাচ্ছে এই মার্কিন রণতরি। স্থানীয় সময় বুধবার (২৯ এপ্রিল) মার্কিন প্রশাসনের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০০ দিন ধরে মোতায়েন থাকা এই রণতরিটির অন্যতম প্রধান লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে ইরানের গতিবিধির ওপর নজর রাখা ও সম্ভাব্য সংঘাত মোকাবিলা করা। এছাড়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের লক্ষ্যে পরিচালিত অভিযানেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমা ত্যাগ করবে জলযানটি। সবকিছু ঠিক থাকলে মে মাসের মাঝামাঝি সময়ে এটি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বন্দরে নোঙর করবে।

‘ইউএসএস ফোর্ড’ ফিরে গেলেও মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর শক্তিমত্তা কমছে না। গত সপ্তাহে ওই অঞ্চলে ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ যুক্ত হওয়ার পর বর্তমানে সেখানে তিনটি মার্কিন রণতরি অবস্থান করছে। উল্লেখ্য, ২০০৩ সালের পর এই প্রথম একসঙ্গে এতগুলো রণতরি ওই অঞ্চলে মোতায়েন করেছে মার্কিন প্রশাসন।

This post was viewed: 8

আরো পড়ুন