আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং অনেকটাই কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, চলমান সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে, যার ইতিবাচক প্রভাব দ্রুতই দেখা যাবে।
সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের জ্বালানি খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দিচ্ছে সরকার। আগামী পাঁচ বছরের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে আমদানি ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে বছরে অতিরিক্ত প্রায় ২ বিলিয়ন ডলার খরচ হচ্ছে, যা দেশের অর্থনীতিতে চাপ তৈরি করছে। মন্ত্রী জানান, বর্তমানে বিদ্যুৎ খাতে প্রায় ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে, যা খাতটির ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। তবে চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতির দ্রুত উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।