Ridge Bangla

১৫টি অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিল সরকার

বিভিন্ন অধিদপ্তর ও সংস্থায় বড় ধরনের প্রশাসনিক রদবদল করেছে সরকার। একসঙ্গে ১৫টি গুরুত্বপূর্ণ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রেষণে বিভিন্ন দপ্তরে শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মু. জসীম উদ্দিন খান, যিনি নতুন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন। মো. লুৎফর রহমানকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং এম এম আরিফ পাশাকে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক হয়েছেন মো. আব্দুল্লাহ আল-মামুন এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হয়েছেন কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ বিভিন্ন দপ্তরেও নতুন নেতৃত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন অধিদপ্তর, পেটেন্ট ও ট্রেডমার্কস অধিদপ্তর এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষেও নতুন চেয়ারম্যান ও মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে এসব রদবদল করা হয়েছে।

This post was viewed: 12

আরো পড়ুন