ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে নতুন করে জায়গা পেয়েছেন দুই তরুণ ব্যাটসম্যান- তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।
সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে রানের ঝড় তোলা অমিত হাসানও প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তার গড় প্রায় ৪৯, যা তাকে আলোচনায় এনেছে।
সূচি অনুযায়ী, দুই ম্যাচের এই টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান দল ৩ মে বাংলাদেশে আসবে। প্রথম টেস্ট শুরু হবে ৮ মে ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশ স্কোয়াডে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ। দলে আরও আছেন মুশফিকুর রহিম, লিটন দাস, মুমিনুল হক, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলামসহ অভিজ্ঞ ও তরুণদের মিশ্রণ।