প্রতিটি কর্মকাণ্ড জনকল্যাণকে কেন্দ্র করেই পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের পর আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
জনসভায় প্রধানমন্ত্রী তার সরকারের উন্নয়ন দর্শনের কথা তুলে ধরে বলেন, যতদিন দায়িত্ব থাকবে, জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করা হবে। প্রতিটি কর্মসূচি জনগণের কথা চিন্তা করেই গ্রহণ করা হবে।
নারী শিক্ষা প্রসারে তিনি ঘোষণা করেন, দেশের নারীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে ডিগ্রি পর্যন্ত খরচ সরকার বহন করবে।
এ সময় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি আরও জানান, কিছু রাজনৈতিক দল গণভোটের ফলকে ভিন্ন খাতে নিতে চাইছে। জুলাই সনদকে যারা নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়, তাদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।