পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানরত চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ আইটি হেল্পডেস্কের নিয়মিত বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, মৃত চারজনই পুরুষ। তারা সবাই পবিত্র নগরী মক্কায় অবস্থানকালে মৃত্যুবরণ করেন। এখন পর্যন্ত মদিনা, জেদ্দা কিংবা মিনায় কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।
নিহত চার হজযাত্রী হলেন মোঃ নইম উদ্দীন মন্ডল, মোঃ আবুল কাশেম, মোঃ সেরাজুল হক এবং মোঃ খলিলুর রহমান।
হজ বুলেটিনে আরও জানানো হয়েছে, ২৬ এপ্রিল সৌদি সময় পর্যন্ত দেশ থেকে মোট ৩৫ হাজার ৭৬৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সৌদি গিয়েছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রীর সংখ্যা ৩২ হাজার ৪৮২ জন।
This post was viewed: 9