Ridge Bangla

যশোরে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারের গৃহীত বিশেষ প্রকল্পের আওতায় যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উলশী-যদুনাথপুর এলাকায় চার কিলোমিটার দীর্ঘ এই খালটি পুনঃখননের কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বেতনা নদীর সঙ্গে যুক্ত এই খালটির নাব্যতা বৃদ্ধি এবং পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করছে পানিসম্পদ মন্ত্রণালয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান যশোর বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর থেকে নেমে তিনি সেখানে সমবেত নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছার জবাব দেন। এরপর নির্ধারিত সফরসূচি অনুযায়ী তিনি সড়কপথে সরাসরি শার্শার উদ্দেশে রওনা হন।

উল্লেখ্য, দেশজুড়ে নদী, খাল ও জলাধার পুনরুদ্ধারে সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

This post was viewed: 10

আরো পড়ুন