Ridge Bangla

বৈশ্বিক ধনকুবেরের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র

চলমান ডিজিটাল অর্থনীতির প্রসার ও পরিবর্তিত বৈশ্বিক বাণিজ্য কাঠামোর মাঝেও বিশ্বের সম্পদ বণ্টনের চিত্রে বড় কোনো পরিবর্তন আসেনি। সাম্প্রতিক এক তথ্যে দেখা গেছে, উন্নত অর্থনীতিগুলোর হাতেই এখনো বৈশ্বিক সম্পদের একটি বড় অংশ কেন্দ্রীভূত রয়েছে।

টাইমস অব ইন্ডিয়া প্রকাশিত বিশ্বের ধনী ব্যক্তিদের বর্তমান অবস্থানের তালিকায় অন্যান্য দেশের তুলনায় অনেকটা ব্যবধানেই শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। তালিকায় সবার উপরে থাকা যুক্তরাষ্ট্রে উচ্চ সম্পদশালী ব্যক্তির সংখ্যা ১ কোটি ৮০ লাখ ছাড়িয়েছে। দেশটির সুসংহত আর্থিক বাজার, শক্তিশালী বেসরকারি খাত এবং বিনিয়োগবান্ধব পরিবেশ এই বিশাল ব্যবধান ধরে রাখতে বড় ভূমিকা পালন করছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা চীনে উচ্চ সম্পদশালীর সংখ্যা ৫৫ লাখের বেশি। যুক্তরাষ্ট্রের তুলনায় দেশটি বেশ পিছিয়ে থাকলেও বৈশ্বিক অর্থনীতিতে তাদের শক্ত অবস্থান অটুট রয়েছে। তালিকায় এর পরেই রয়েছে ফ্রান্স, জাপান এবং বৃটেন। এই তিন দেশে উচ্চ সম্পদশালী ব্যক্তির সংখ্যা ২৩ থেকে ২৬ লাখের কোঠায়।

তথ্য বলছে, ফ্রান্স এই তালিকায় কিছুটা এগিয়ে থাকলেও জাপান ও বৃটেনে সম্পদের বণ্টন কাঠামো মোটামুটি স্থিতিশীল পর্যায়ে রয়েছে। তালিকায় থাকা অন্য দেশগুলোর মধ্যে রয়েছে জার্মানি, ইতালি, কানাডা ও অস্ট্রেলিয়া। যদিও বিশ্বজুড়ে কিছু উদীয়মান অর্থনীতির দেশ দ্রুত অগ্রগতির পথে রয়েছে, তবুও সম্পদের বড় একটি অংশ এখনো উন্নত বিশ্বের হাতেই কেন্দ্রীভূত।

This post was viewed: 5

আরো পড়ুন