ভারতের উত্তর প্রদেশের মির্জাপুরে একটি মালবাহী ট্রাকের ব্রেক বিকল হয়ে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন। বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় সড়ক-১৩৫-এ এই প্রাণহানির ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ড্রামন্ডগঞ্জ উপত্যকা থেকে লাসোদা এলাকার দিকে নামার সময় ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। ঢালু রাস্তায় ব্রেক কাজ না করায় ট্রাকটি সামনে থাকা বেশ কয়েকটি ছোট-বড় যানের ওপর সজোরে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই একাধিক যাত্রী হতাহত হন।
দুর্ঘটনার খবর পেয়েই মির্জাপুর পুলিশ এবং ফায়ার সার্ভিসের বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণে দীর্ঘ সময় ধরে উদ্ধার তৎপরতা চালানো হয়।
মির্জাপুরের পুলিশ সুপার অপর্ণা রজত কৌশিক বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দুর্ঘটনায় গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।