ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন যে, তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। আজ শুক্রবার নিজের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট প্রকাশের সময় ৭৬ বছর বয়সী এই নেতা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সম্পন্ন হওয়া তার চিকিৎসা প্রক্রিয়ার বিষয়টি জনসমক্ষে নিয়ে আসেন।
২০২৪ সালের ডিসেম্বরে নেতানিয়াহুর প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ায় অস্ত্রোপচার করা হয়েছিল। সেই সময় অস্ত্রোপচারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হলেও ক্যানসারের বিষয়টি গোপন রাখা হয়েছিল।
সম্প্রতি প্রকাশিত স্বাস্থ্য প্রতিবেদনে জানানো হয়েছে, ওই অস্ত্রোপচারের সময়ই চিকিৎসকরা তার প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত করেন। তবে টিউমারটি তখন একেবারে প্রাথমিক পর্যায়ে ধরা পড়ায় সফলভাবে অপসারণ করা সম্ভব হয়। এটি শরীরের অন্য কোনো অংশে ছড়িয়ে পড়েনি।