ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর দুই সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ও এ বি জুবায়েরের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানার ভেতরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অপমানজনক’ পোস্টের অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করতে ছাত্রদল নেতারা থানায় যান। একই সময়ে নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে সেখানে উপস্থিত ছিলেন অভিযুক্ত শিক্ষার্থী ও ডাকসুর দুই নেতা।
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ২০-৩০ জন ছাত্রদল কর্মী মোসাদ্দিক ও জুবায়েরের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে তারা আহত হন।
তবে ছাত্রদলের দাবি, আগে তাদের এক নেতার ওপর হামলার চেষ্টা করা হলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
ঘটনার পর ছাত্রদলের জ্যেষ্ঠ নেতারা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত দুই ডাকসু নেতাকে থানার ভেতরে নিরাপদ স্থানে নেওয়া হয়। প্রায় এক ঘণ্টা আলোচনা শেষে পুলিশি সহায়তায় তাদের নিরাপদে বের করে দেওয়া হয়।