ব্রাহ্মণবাড়িয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদলের দুই কর্মী নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কের নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নবীনগর উপজেলার শ্যামগ্রামের বাসিন্দা মো. রাব্বি (৩২) এবং শ্রীরামপুর এলাকার মাহিম খন্দকার (২৬)। তারা উভয়েই ছাত্রদলের কর্মী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, দুটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে এসে নারুই এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা পাঁচজনই সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাব্বি ও মাহিমকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহতদের মধ্যে ইয়াছিন আরাফাত রিমনসহ আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতরা বর্তমানে আশঙ্কামুক্ত।
নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী জানান, নিহতরা সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন।