হবিগঞ্জে পৃথক অভিযানে ভারতীয় মদ ও গাঁজার বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ ও ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে সিন্দুরখান বিওপির টহলদল সিন্দুরখান চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করে।
একই সময়ে সাতছড়ি বিওপির সদস্যরা সাতছড়ি এলাকায় পৃথক অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার করেন। এছাড়া মনতলা বিওপির টহলদল মাধবপুর উপজেলার কমলপুর এলাকায় অভিযান চালিয়ে আরও ১০ কেজি গাঁজা জব্দ করে।
অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি। জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া শেষে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।