Skip to main content

Ridge Bangla

যুক্তরাষ্ট্র থেকে বিশেষ ফ্লাইটে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো

মার্কিন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি নাগরিককে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে ওমনি এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে ফিরে আসা এসব বাংলাদেশি ২০১৪ সালের বিভিন্ন সময়ে উন্নত কর্মসংস্থানের আশায় ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশ ছাড়েন। পরে তারা দুবাই, কাতার, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও পেরুসহ বিভিন্ন দেশে অবস্থান করে পর্যায়ক্রমে সীমান্ত অতিক্রমের মাধ্যমে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।

যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করলেও বৈধ অভিবাসন-সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়া এবং দেশটির অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয় মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

বিমানবন্দরে পৌঁছানোর পর বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক প্রত্যেক প্রত্যাবাসিত বাংলাদেশিকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়। এছাড়া তাদের জন্য হালকা খাবারের ব্যবস্থাও করা হয়।

ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তারা বিমানবন্দর ত্যাগ করেন।

সাম্প্রতিক সময়ে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর ঘটনা বেড়েছে। এ পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বৈধ উপায়ে যাওয়ার এবং সংশ্লিষ্ট দেশের অভিবাসন আইন কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করছেন।

This post was viewed: 2

আরো পড়ুন