Skip to main content

Ridge Bangla

বাংলাদেশের সংহতিতে কৃতজ্ঞ আমিরাত প্রেসিডেন্ট, সুবিধাজনক সময়ে ঢাকা সফরের আগ্রহ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে হামলার পর সংহতি প্রকাশ করায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। একই সঙ্গে, সুবিধাজনক প্রথম সুযোগেই সরকারি সফরে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

এক বার্তায় ইউএই প্রেসিডেন্ট অর্থনৈতিক, উন্নয়ন ও মানবিক খাতে সহযোগিতা আরও জোরদারের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেওয়া সফরের আমন্ত্রণকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং জানান, প্রথম সুবিধাজনক সুযোগেই সরকারি সফরে ঢাকা সফর করতে চান। তার আশা, এই সফর দুই বন্ধুপ্রতিম দেশের বিদ্যমান সুদৃঢ় সম্পর্ককে আরও গভীর করতে সহায়ক হবে।

বার্তায় আরও বলা হয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতেই বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে শক্তিশালী ও বহুমাত্রিক সম্পর্ক গড়ে উঠেছে।

এদিকে, সাম্প্রতিক হামলায় ইউএইতে বসবাসরত ২ বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শেখ মোহাম্মদ। তিনি নিহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি বাংলাদেশের জনগণের প্রতিও আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

This post was viewed: 3

আরো পড়ুন