Skip to main content

Ridge Bangla

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ‘ইতিবাচক অগ্রগতির’ কথা জানালেন ট্রাম্পের বিশেষ দূত

তিন দিনের সফরে ঢাকায় এসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয় এই দ্বিপক্ষীয় বৈঠক।

বৈঠক শেষে সার্জিও গর বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং এতে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের সার্বিক পরিস্থিতিকে স্থিতিশীল হিসেবে মূল্যায়ন করেছে। এর ফলে বাংলাদেশে ভ্রমণ বিষয়ে মার্কিন ভ্রমণ সতর্কতার মাত্রা ৩ থেকে কমিয়ে ২ করা হয়েছে।

এক্সে দেওয়া বার্তায় সার্জিও গর লেখেন, সন্ধ্যায় তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এ সিদ্ধান্তের বিষয়ে অবহিত করেছেন। তবে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের কিছু নির্দিষ্ট এলাকায় এখনো অতিরিক্ত সতর্কতা বজায় রয়েছে এবং সেসব এলাকা এড়িয়ে চলার পরামর্শ বহাল থাকবে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া আরেক পোস্টে সার্জিও গর জানান, বাংলাদেশ সফরে এসে তিনি আনন্দিত। একই সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ এবং আগামী দুই দিনে একাধিক ফলপ্রসূ বৈঠকের আশাবাদও ব্যক্ত করেন।

ঝটিকা এই সফরে ব্যস্ত সময়সূচি রয়েছে মার্কিন এ জ্যেষ্ঠ কর্মকর্তার। সফরের প্রথম দিন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পাশাপাশি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও তার বৈঠকের সূচি রয়েছে।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন। সেখানে তিনি শিবিরের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করবেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এটি যুক্তরাষ্ট্রের কোনো উচ্চপর্যায়ের কর্মকর্তার তৃতীয় ঢাকা সফর। বিশ্লেষকদের মতে, ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক এবং আঞ্চলিক কূটনৈতিক সহযোগিতার ক্ষেত্রে এ সফর গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করছে।

This post was viewed: 2

আরো পড়ুন