Ridge Bangla

প্রেমের টানে ভেড়ামারায় চীনা যুবক, পরিণয় সম্পন্ন

সামাজিক মাধ্যমে গড়ে ওঠা প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশের কুষ্টিয়ায় ছুটে এসেছেন চেন বাও মিং (২৩) নামের এক যুবক। এক বছর অনলাইন সম্পর্কের পর গত সোমবার (২০ এপ্রিল) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার তরুণী তাসলিমা খাতুনের (২০) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

কুষ্টিয়ার ভেড়ামারার বাহিরচর ইউনিয়নের বাসিন্দা তাসলিমার সঙ্গে চীনের গাতসু প্রদেশের তরুণ চেন বাও মিংয়ের পরিচয় হয় ভার্চুয়াল প্ল্যাটফর্মে। এরপর এক বছর অনলাইনে নিয়মিত কথোপকথনের মাধ্যমে তাদের মধ্যে গড়ে ওঠে গভীর প্রেমের সম্পর্ক। পেশায় রেস্টুরেন্ট ব্যবসায়ী চেন বাও মিং শেষ পর্যন্ত নিজ পরিবারের সম্মতিতে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন।

গত সোমবার বাংলাদেশে পৌঁছানোর পর কুষ্টিয়া আদালতে তাদের আইনি বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে নবদম্পতি ভেড়ামারায় তাসলিমার বাড়িতেই অবস্থান করছেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে চীনা এই যুবক জানান, খুব দ্রুতই আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে স্ত্রীকে নিজ দেশ চীনে নিয়ে যেতে চান তিনি।

দুই ভিন্ন সংস্কৃতির মানুষের এই ভালোবাসার পরিণয় স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। উৎসুক এলাকাবাসী নবদম্পতিকে এক নজর দেখার জন্য ভিড় জমাচ্ছেন তাসলিমার বাড়িতে।

This post was viewed: 5

আরো পড়ুন