Ridge Bangla

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার নেটওয়ার্কে বড় ধরনের সাইবার হামলা চালিয়ে ২৫ লাখ মার্কিন ডলার আত্মসাৎ করেছে একটি হ্যাকার চক্র। দেশটির ইতিহাসে সরকারি কোনো প্রতিষ্ঠানে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় আর্থিক সাইবার জালিয়াতির ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার কলম্বোতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে অর্থ মন্ত্রণালয়ের সচিব হর্ষনা সুরিয়াপেরুমা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চুরি হওয়া অর্থটি অস্ট্রেলিয়ার কাছে ঋণ পরিশোধের জন্য সংরক্ষিত ছিল। তদন্তে দেখা গেছে, অর্থ স্থানান্তরের প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের ই-মেইল সার্ভারে অনুপ্রবেশ ঘটিয়ে পুরো অর্থ উধাও করে দেওয়া হয়।

তিনি আরও জানান, সাইবার হামলার বিষয়ে আগেই সতর্ক সংকেত পাওয়া গেলেও কার্যকর ব্যবস্থা নেওয়ার আগেই অর্থ হারিয়ে যায়। এ ঘটনায় পাবলিক ডেট ম্যানেজমেন্ট অফিসের (পিডিএমও) চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ঘটনার তদন্তে দেশটির ফৌজদারি তদন্ত বিভাগ কাজ করছে। পাশাপাশি আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থার সহায়তাও নেওয়া হচ্ছে বলে জানানো হয়।

This post was viewed: 7

আরো পড়ুন