দেশকে অস্থিতিশীল করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকার একটি স্থিতিশীল ও সহনশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে এবং এ পথে কেউ বাধা সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না।
শুক্রবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী স্বীকার করেন, দেশে কিছুটা সংকট রয়েছে। তবে এটি বৈশ্বিক সমস্যার অংশ বলেও উল্লেখ করেন তিনি। জনগণের ওপর চাপ কম রাখতে সরকার জ্বালানির দাম তুলনামূলক কম হারে বৃদ্ধি করেছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে শিল্পকারখানা ও গৃহস্থালির কার্যক্রম ব্যাহত না হয়। অনেক দেশে এ পরিস্থিতিতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও বাংলাদেশ এখনো সে অবস্থায় পৌঁছায়নি বলে মন্তব্য করেন তিনি।