দেশে জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই, বরং একটি মহল কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু চাপ থাকলেও দেশে তেলের সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের কোনো সমস্যা নেই। তবে কিছু অসাধু চক্র অনৈতিকভাবে বাজারে অস্থিরতা তৈরি করছে।
মির্জা ফখরুল আরও বলেন, “তেল নিয়ে কালোবাজারি ও সিন্ডিকেট কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রশাসনকে কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি কৃত্রিম সংকট সৃষ্টি করে জনভোগান্তি বাড়াচ্ছে। এ সময় তিনি জেলার উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও বক্তব্য দেন। তিনি জানান, ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর নিয়োগ, বিমানবন্দর সচল করা এবং মেডিকেল কলেজ স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও সরকারি অনুদান বিতরণ করা হয়।