দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগামী ২৮ এপ্রিল থেকে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং কার্যক্রম শুরু হচ্ছে। এর মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ এক ধাপ অতিক্রম করতে যাচ্ছে বাংলাদেশ।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রাশিয়ার অংশীদারদের সঙ্গে আলোচনা শেষে জ্বালানি লোডিংয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, জ্বালানি লোডিং শুরুর প্রায় তিন মাসের মধ্যে, অর্থাৎ জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। প্রাথমিকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর এ কার্যক্রম শুরু হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, জ্বালানি লোডিংয়ের পর ধাপে ধাপে পরীক্ষা-নিরীক্ষা শেষে পূর্ণ উৎপাদনে যেতে প্রায় ১০ থেকে ১১ মাস সময় লাগতে পারে।
১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলারের এ প্রকল্পে দুটি রিঅ্যাক্টরের মাধ্যমে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে, যা দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।