Ridge Bangla

মজুত গ্যাসে ১২ বছর মিটবে দেশের চাহিদা: জ্বালানিমন্ত্রী

জাতীয় সংসদে জ্বালানি খাত নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, দেশের বর্তমান উত্তোলনযোগ্য গ্যাসের মজুত দিয়ে আগামী প্রায় ১২ বছর পর্যন্ত জাতীয় চাহিদা পূরণ করা সম্ভব। রোববার (১৯ এপ্রিল) সংসদ অধিবেশনে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশে মোট উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ ২৯ দশমিক ৭৪ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২২ দশমিক ১১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। ফলে চলতি বছরের শুরুতে অবশিষ্ট মজুত দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুটে। বর্তমান সরবরাহ হার, প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট, অব্যাহত থাকলে এবং নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার না হলে এই মজুত দিয়ে প্রায় এক যুগ চাহিদা মেটানো সম্ভব হবে।

তিনি আরও জানান, ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে। পেট্রোবাংলার মহাপরিকল্পনার আওতায় ৫০ থেকে ১০০টি কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ২৬টি কূপের কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ চলমান রয়েছে। এছাড়া বাপেক্সের মাধ্যমে ব্লক-৭ ও ৯-এ ৩ হাজার ৬০০ কিলোমিটার ২ডি সাইসমিক জরিপ সম্পন্ন হয়েছে এবং তা প্রক্রিয়াধীন। একই সঙ্গে হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা অঞ্চলে ৩ডি সাইসমিক জরিপের প্রস্তুতিও চলছে।

This post was viewed: 6

আরো পড়ুন