রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারের রাখাইন রাজ্যেই নিহিত- এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রসূত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হলে রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি অপরিহার্য, আর এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।
তুরস্কে অনুষ্ঠিত আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম–২০২৬-এ ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন দ্য ফেস অব ডিসপ্লেসমেন্ট ক্রাইসিস’ শীর্ষক অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, কেবল মানবিক সহায়তা দিয়ে এই সংকটের সমাধান সম্ভব নয়; প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, নিরাপত্তা নিশ্চয়তা এবং টেকসই উন্নয়নভিত্তিক উদ্যোগ।
তিনি আন্তর্জাতিক দাতা দেশগুলোর সহায়তা হ্রাস পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, তহবিলের জোগান বৃদ্ধি এবং রাখাইন অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। মানবাধিকার সুরক্ষা নিশ্চিত না হলে প্রত্যাবাসন কার্যক্রম দীর্ঘসূত্রতায় পড়বে বলেও তিনি সতর্ক করেন। ড. খলিলুর রহমান জানান, দায়িত্ব গ্রহণের পর মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয় পক্ষ থেকেই তিনি ইতিবাচক সাড়া পেয়েছেন, যা ভবিষ্যৎ সংলাপের সম্ভাবনা জাগিয়ে তোলে।