চট্টগ্রাম বন্দরে একসঙ্গে বিপুল পরিমাণ পরিশোধিত জ্বালানি তেল নিয়ে পৌঁছেছে চারটি জাহাজ। মোট ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানিবাহী এই চালানে রয়েছে ডিজেল ও অকটেন, যা দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা যায়, জাহাজ চারটির মাধ্যমে ১ লাখ ১০ হাজার ৬৫১ টন ডিজেল এবং ২৭ হাজার ৩৬৩ টন অকটেন আমদানি করা হয়েছে। এর মধ্যে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘এমটি অকট্রি’ ইতিমধ্যে আলফা অ্যাংকরে নোঙর করে লাইটারিং কার্যক্রম শুরু করেছে এবং শিগগিরই ডলফিন জেটিতে ভিড়বে।
অন্য জাহাজগুলোর মধ্যে ‘এমটি কেপ বনি’ ৩৩ হাজার ৩৯৮ টন ডিজেল, ‘এমটি নেভি সিয়েলো’ ২৭ হাজার ৩৬৩ টন অকটেন এবং ‘এমটি লিয়ান সং হো’ ৪১ হাজার ৯০৭ টন ডিজেল নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে। বিপিসির এক কর্মকর্তা জানান, চলতি সপ্তাহে আরও কয়েকটি জ্বালানি কার্গো আসবে। এতে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং কোনো সংকটের আশঙ্কা নেই।