কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে জুতা হারানোকে কেন্দ্র করে এক পর্যটককে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এ অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে। আহত পর্যটকের নাম মো. এনাম (২৮), তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পিকনিকে আসা একদল পর্যটক সৈকতে গোসলের আগে টিউব পরিচালনাকারীদের কাছ থেকে টিউব ভাড়া নেওয়ার সময় নিজেদের জুতা তাদের জিম্মায় রেখে যান। গোসল শেষে ফিরে এসে তারা দেখেন, এক জোড়া জুতা নিখোঁজ। বিষয়টি নিয়ে টিউব ব্যবসায়ীদের সঙ্গে পর্যটকদের বাকবিতণ্ডা শুরু হলে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে স্থানীয় কিছু ঘোড়াচালক, ফটোগ্রাফার ও টিউব ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পর্যটকদের ওপর চড়াও হন। তখন বালুচরে ফেলে এনাম নামে ওই পর্যটককে বেধড়ক মারধর করা হয়।
খবর পেয়ে জেলা প্রশাসনের বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত এনামকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. জাহাঙ্গীর জানান, এ ঘটনায় জড়িত মো. রুবেল ও মো. শাকিল নামে দুই ঘোড়াচালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।