Ridge Bangla

৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার

প্রযুক্তি খাতে বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি মাসের মধ্যেই প্রথম ধাপের এই ছাঁটাই কার্যক্রম শুরু হতে পারে।

রয়টার্স ও আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, আগামী ২০ মে থেকে ছাঁটাই প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে এটি বৈশ্বিক কর্মীবাহিনীর প্রায় ১০ শতাংশকে প্রভাবিত করবে। তবে ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী আরও কর্মী কমানোর পরিকল্পনাও রয়েছে।

মেটা কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য না করলেও জানা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ ও সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাসই এই সিদ্ধান্তের মূল কারণ। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বিভিন্ন বিভাগ একীভূত করে ‘অ্যাপ্লায়েড এআই’ নামে নতুন ইউনিট গঠন করেছে।

বৈশ্বিক প্রযুক্তি খাতে এআইনির্ভর অটোমেশনের কারণে কর্মসংস্থান সংকুচিত হচ্ছে। এর আগে অ্যামাজন ও ব্লকসহ একাধিক বড় প্রযুক্তি প্রতিষ্ঠানও একই ধরনের ছাঁটাই করেছে।

বর্তমানে মেটায় প্রায় ৭৯ হাজার কর্মী কাজ করছেন। ব্যবস্থাপনা স্তর ছোট করা ও কার্যক্রম আরও দক্ষ করার লক্ষ্যেই এই পুনর্গঠন চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

This post was viewed: 7

আরো পড়ুন