Ridge Bangla

এবারও হরমুজ পেরোতে ব্যর্থ ‘বাংলার জয়যাত্রা’

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা আসার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও বিপাকে পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। প্রণালিটি অতিক্রমের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও ইরানের নৌবাহিনীর বাধার মুখে মাঝপথেই আটকে পড়েছে জাহাজটি।

শুক্রবার বিকেলে ইরান হরমুজ প্রণালি সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত করেছে- এমন ঘোষণা আসার পর রাতেই শারজাহ বন্দরের নোঙর তুলে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ‘বাংলার জয়যাত্রা’। রাত ১১টা ৫০ মিনিটের দিকে জাহাজটি হরমুজ প্রণালির জলসীমায় প্রবেশ করে। কিন্তু ঘণ্টাখানেক যেতেই রাত সাড়ে ১২টার দিকে ইরানি নৌবাহিনী রেডিও বার্তার মাধ্যমে নির্দেশ দিয়ে জাহাজটির গতিপথ রোধ করে। ইরানের পক্ষ থেকে জানানো হয়, আইআরজিসি’র অনুমতি ছাড়া হরমুজ পার হওয়া সম্ভব নয়।

উল্লেখ্য, যুদ্ধ পরিস্থিতির কারণে ৩১ জন নাবিক নিয়ে ‘বাংলার জয়যাত্রা’ টানা ৪০ দিন পারস্য উপসাগরে আটকা পড়েছিল। গত ৮ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণা আসার পর জাহাজটি সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে যাত্রা করে। ১০ এপ্রিল হরমুজের কাছাকাছি পৌঁছালেও তখন প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় জাহাজটি শারজাহ বন্দরে ফিরে যেতে বাধ্য হয়।

বর্তমানে নাবিকদের নিরাপত্তা ও জাহাজটির পরবর্তী গন্তব্য নিয়ে বিএসসি কর্তৃপক্ষ প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগের চেষ্টা চালাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন