রংপুর মহানগরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে চার নারীসহ মোট ১৩ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। তিনি জানান, বুধবার রাত ৯টার দিকে নগরীর শাপলা চত্বরে অবস্থিত একটি আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে হোটেলের বিভিন্ন কক্ষ থেকে আপত্তিকর কার্যকলাপের আলামত জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে চার নারীসহ ১৩ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বিভিন্ন বয়সী পুরুষ ও নারী রয়েছেন।
ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই হোটেলে অনৈতিক কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ ছিল। এর ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।