Ridge Bangla

আগামী বছর হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

আগামী বছর থেকে হজ পালনের ব্যয় আরও কমানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, সরকার হজ ব্যবস্থাপনা আরও সহজ ও সাশ্রয়ী করতে কাজ করছে। তিনি বলেন, “আগামী বছর যারা হজে যাবেন, তাঁদের জন্য খরচ আরও কমানোর চেষ্টা করা হবে, যাতে যাত্রীদের ভোগান্তি কমে।” তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার ১৮ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেছে, অথচ এ বছরের হজ ব্যবস্থাপনার অধিকাংশ প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন ছিল। ফলে বড় ধরনের পরিবর্তনের সুযোগ সীমিত ছিল। তবুও সরকার চলতি বছর হজের খরচ প্রায় ১২ হাজার টাকা কমাতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।

হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা পবিত্র হজ পালনের জন্য যাচ্ছেন। দেশের শান্তি, অগ্রগতি ও মানুষের কল্যাণের জন্য দোয়া করবেন।” তিনি হজযাত্রীদের সুস্বাস্থ্য ও নিরাপদে দেশে ফেরার কামনাও করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সবার অংশগ্রহণে হজযাত্রীদের নিরাপদ যাত্রা ও দেশের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

This post was viewed: 6

আরো পড়ুন