আগামী দুই দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি আলোচনার জন্য পাকিস্তানকে সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করার কথা জানিয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১৪ এপ্রিল) নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা এমন একটি অবস্থায় আছি, যেখানে খুব দ্রুত কিছু ঘটতে পারে। আলোচনার জন্য পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে।”
তবে ইরানের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত বার্তা পাওয়া যায়নি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, তেহরান ও ইসলামাবাদের মধ্যে যোগাযোগ থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনায় বসার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এর আগে পাঁচ সপ্তাহের সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের জন্য অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর উত্তেজনা প্রশমনে ইসলামাবাদে একাধিক বৈঠকের আয়োজন করা হয়।