Ridge Bangla

জ্বালানি সংকটে পোশাকশিল্পে উৎপাদন কমেছে ৩০ শতাংশ

দেশের তৈরি পোশাকশিল্পে জ্বালানি সংকটের প্রভাব ক্রমেই তীব্র হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতির কারণে শিল্পখাতে উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে এক বৈঠকে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ নেতারা জানান, বর্তমান পরিস্থিতিতে শিল্পটির উৎপাদন সক্ষমতা প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমে গেছে।

বিজিএমইএ সূত্রে জানা যায়, লোডশেডিংয়ের সময় বিকল্প হিসেবে জেনারেটর চালাতে প্রয়োজনীয় ডিজেল পাওয়া যাচ্ছে না। ফলে কারখানাগুলো নিয়মিত উৎপাদন ধরে রাখতে পারছে না। একই সঙ্গে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় বিদেশি ক্রেতাদের সঙ্গে চুক্তি অনুযায়ী সময়মতো পণ্য জাহাজীকরণও সম্ভব হচ্ছে না।

এদিকে জ্বালানি সংকটের প্রভাবে কাঁচামালের মূল্য বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় সামগ্রিক উৎপাদন খরচও বাড়ছে। বিশেষ করে গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলে পরিস্থিতি বেশি সংকটাপন্ন হয়ে উঠেছে।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের কাছে গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার দাবি জানান বিজিএমইএ নেতারা।

This post was viewed: 7

আরো পড়ুন