নোয়াখালীর সেনবাগে ইমতিয়াজ ভূঁইয়া নামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার সেনবাগ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্য কাদরা এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী ইমতিয়াজ ভূঁইয়া খুচরা বাজারে তেল বিক্রি না করে নিজ বাড়িতে মজুত রাখতেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ড্রামে সংরক্ষিত ৪ হাজার লিটার ডিজেল এবং দেড় হাজার লিটার পেট্রোল জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর পেয়ারা বেগম জানান, জব্দকৃত তেলগুলো পরবর্তীতে মাইকিংয়ের মাধ্যমে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হবে। তিনি আরও বলেন, “অবৈধভাবে তেল মজুত ও বিক্রি করা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”