Ridge Bangla

জ্বালানি সংকটে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেডইসি) প্লাস অনলাইন সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট বর্তমান বিশ্বব্যবস্থার দুর্বলতা ও পারস্পরিক নির্ভরতার বিষয়টি স্পষ্ট করেছে। এ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জরুরি সহায়তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ইতিবাচক সাড়া দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে বিভিন্ন স্বল্পমেয়াদি পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি অফিস ও বাজারের সময়সূচি পরিবর্তন, জ্বালানি আমদানি বৃদ্ধি, বিকল্প উৎস ব্যবহার এবং জ্বালানি রেশনিং ব্যবস্থা চালু করা। প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, চলমান সংকট ১৯৭০-এর দশকের তেল সংকটের চেয়েও গভীর হতে পারে, যা অর্থনৈতিক অগ্রগতিকে ব্যাহত করতে পারে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ একা এ সংকটে পড়েনি, তাই বৈশ্বিক সমন্বিত উদ্যোগ ছাড়া এ পরিস্থিতি মোকাবিলা সম্ভব নয়। সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে যৌথভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সম্মেলনে জাপান, মালয়েশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ নেতারা ভার্চুয়ালি অংশ নেন।

This post was viewed: 14

আরো পড়ুন