Ridge Bangla

টাইমের প্রভাবশালী ১০০ জন ব্যক্তির তালিকায় তারেক রহমান

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন-এর ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জন ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত এই মর্যাদাপূর্ণ তালিকায় ‘লিডারস’ ক্যাটাগরিতে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিভাগে তিনি ১৬ তম অবস্থানে রয়েছেন।

টাইম ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধ লিখেছেন সংস্থাটির সিঙ্গাপুর ব্যুরো প্রধান ও ভূ-রাজনীতি বিশ্লেষক,চার্লি ক্যাম্পবেল। সেখানে তাঁর রাজনৈতিক উত্থান ও সাম্প্রতিক পরিবর্তনগুলোর বিস্তারিত তুলে ধরা হয়েছে।

মুখবন্ধে উল্লেখ করা হয়, কয়েক মাস আগেও লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন তারেক রহমান। তবে ২০২৪ সালে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি বিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী থেকে জাতীয় নেতৃত্বে উঠে আসেন। দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর দেশে ফিরে নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে তিনি ক্ষমতায় আসেন।

এ বিজয়ের মাধ্যমে তিনি তার মা খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন। উল্লেখ্য, খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। দেশে ফেরার মাত্র কয়েক দিনের মধ্যেই তাঁর মৃত্যু তারেক রহমানের জন্য বড় ব্যক্তিগত আঘাত হয়ে আসে।

টাইমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ব্যক্তিগত শোককে শক্তিতে পরিণত করে দেশের ১৭ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে চান তিনি। একই সঙ্গে উচ্চ মূল্যস্ফীতি, যুব বেকারত্ব এবং আঞ্চলিক সম্পর্কের টানাপোড়েন মোকাবিলাকে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

This post was viewed: 8

আরো পড়ুন