Ridge Bangla

সেতুর অভাবে দুর্ভোগে করতোয়া পাড়ের ১০টি গ্রামের মানুষ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার করতোয়া নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় ৮ থেকে ১০টি গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়দের একমাত্র ভরসা এখন একটি নড়বড়ে বাঁশের সাঁকো, যা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষকে।

উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সড়াইদহ এলাকাসহ আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা নিজ উদ্যোগে সাঁকোটি নির্মাণ করেছেন। সড়াইদহ, লক্ষিকোলা, খোকশাহাট, পাইকড়া, শ্যামনাই ও ভুইয়াগাঁতীসহ অন্তত ৮-১০টি গ্রামের মানুষ প্রতিদিন এই সাঁকো ব্যবহার করে চলাচল করেন। বর্ষা মৌসুমে সাঁকোটি আরও পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ চরম আকার ধারণ করে।

স্থানীয়দের অভিযোগ, পাশেই ঢাকা-বগুড়া মহাসড়ক ও বাইপাস সড়ক থাকা সত্ত্বেও করতোয়া নদীর ওপর এখনো একটি স্থায়ী সেতু নির্মাণ হয়নি। নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো অগ্রগতি দেখা যায়নি। স্থানীয় বাসিন্দারা জানান, পণ্য পরিবহন, স্কুল-কলেজে যাওয়া এবং জরুরি প্রয়োজনে চলাচলের সময় এই সাঁকো যেন মরণফাঁদে পরিণত হয়। চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খাঁন বলেন, প্রতিদিন ৪ থেকে ৫ হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

This post was viewed: 5

আরো পড়ুন