কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে চালবোঝাই একটি ট্রাক খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
সোমবার ১৩ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি দিনাজপুর থেকে চট্টগ্রাম যাচ্ছিল। হাইওয়ে পুলিশ জানায়, চালবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। ট্রাকের ওপর থাকা ১৩ জন যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন এবং ৬ জন আহত হন। নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান জানিয়েছেন, নিহত ৭ জনই পুরুষ। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।
This post was viewed: 6